Friday, 6 April 2018

অজ্ঞাতবাস






অজ্ঞাতবাস

আমার কাছে স্বপ্ন ছিল, ছিল যেটা জীবন 
তোর কাছে খেলা ছিল, ছিল না তো নিয়ম
ভেবেছিলাম হারিয়ে যাবো, পাবেনা কেউ খুঁজে;
যে যাই বলুক আমায়, থাকবো মুখটি বুজে
থাকবি শুধু তুই কাছেতে, থাকবে না আর কেউ,
তোর চুলেরই পাগল স্রোতে উঠবে কিছু ঢেউ-
সেই ঢেউয়েতে ভাসবো আমি, স্বপ্নতরী বেয়ে,
থাকবে তোর ওই চোখের কাজল, আমার আকাশ ছেয়ে
ভেবেছিলাম বানাবো ঘর, ভালবাসার দেওয়াল,
মাথার উপর আশার আকাশ, শিমূল বকুল পিয়াল-
তুই আর আমি হাঁটবো সে পথ, যে পথ গেছে বেঁকে,
পৃথিবীর ওই শেষ সীমানায়- আল্পনা এক এঁকে!
যে পথ শুরু তোর কাছেতে, তোর কাছেতেই শেষ,
নতুন করে আমি আবার ধরবো সে এক বেশ
সাজবো আমি প্রজাপতি, রঙ নেবো তোর থেকে-
উপচে পড়া ফুলের মধু আমায় যাবে ডেকে...
একটা পাগল হাওয়ার মতো কোথায় যাবো বয়ে,
সারাটা দিন গান শোনাবো অচিন ভ্রমর হয়ে
চাঁদের বুড়ি, পরীর দেশ আর নকশী কাঁথার মাঠ,
থাকবে না আর গল্প তখন, সৌদামিনীর ঘাট
পক্ষিরাজের ডানায় ভেসে সাজবো রাজকুমার,
দানবপুরীর শিকল ভেঙে করবো তোকে ফেরার-
আজ আর নেই স্বপ্ন সেসব, তুইও ইতিহাস,
মনের কোনে থাকুক পড়ে আমার অজ্ঞাতবাস...

                                     - পল্লব সরদার (২০১১) 

মনে রেখো























মনে রেখো... 

তোমার হারিয়ে যাওয়া হাসির খোঁজে- 
ঘুরছি আঁধার ভুবন মাঝে! 
চিনিনা আমি তখন তোমায়! 
দাঁড়িয়েছিলে দেখে আমায়- 
অন্ধকারের ভেতর থেকে...
আবছা আলোর প্রলেপ মেখে...
বাড়িয়েছিলে দুহাত যখন- 
ভেবেছিলাম স্বপ্ন তখন! 
আজ বুঝি সে ছিলে তুমি; 
যদিও এখন সুখী আমি-
তবুও যদি পাইগো খুঁজে,
আমার হাসি তোমার মাঝে!
বলবো তবে আজকে তোমায়- 
পারলে মনে রেখো আমায়... 

                  - পল্লব (২০১২) 

Tuesday, 28 March 2017

ভাববার বিষয়
































ভাববার বিষয় 

ভাবনা কেন আসে মনে,
ভাবনা কেন আসে?
আসেও যদি, কেন প্রাণে
আগুন দিয়ে হাসে?
হৃদয় জুড়ে নেশা এমন,
নেশায় করে ভয়-
ভাবনা কেন আসে সখী,
যেটা পাবার নয়... 


               ---পল্লব 

যা তা

যা তা

ক্লান্ত রাত, বিষণ্ণ সকাল,
ক্ষুধার্ত মন, খাদ্যের আকাল;
ভেজা কাপে চুমুক, তিতকুরি চায়ে;
বহু দিনের ময়লা, লেগে আছে গায়ে-
শুকিয়ে যাওয়া কুমড়ো ফুল আর,
শিশির ভেজা পাতা...
মনের কোণে জল জমেছে!
লিখছি তাই যা তা...

                - পল্লব 

রাত্রি সব জানে

























রাত্রি সব জানে 


জেগে আছে রাত আমার সাথে,

আজ তাই তোর ছুটি-
করবো আজ গল্প অনেক,
খেলবো কাটাকুটি!
বুঝিস না তুই, তোকে ছাড়াও
বেঁচে থাকা যায়-
আজ রাতে মোর সঙ্গী হবার,
রাত্রি নিলো দায়...
বলবো ওকে যা আছে সব,
মনের গহীন কোণে-
কাল দুপুরে লিখবো দেখিস,
রাত্রি সব জানে...

                -পল্লব (২৯.০২.২০১২) 

নাম না জানা





























নাম না জানা... 


পা রেখেছো কার ঘরে?
মন রেখেছো কই? 
ভালোবাসার ছাদে যাবে?
কোথায় পাবে মই?
হাত রেখেছো কলিং বেল এ?
বেল বাজালে কার?
খুঁজছ যাকে মনে মনে,
নাম জানো কি তার?

-------------পল্লব

Monday, 27 March 2017

বর্ষা




















বর্ষা

জলের উপর বৃষ্টি পড়ে ?
নাকি পাতার উপর ?
হতে পারে কোনটাই না !
হতে পারে শব্দ পড়ে ,
খাতার উপর !
হতে পারে মনে পড়ে কাউকে তখন -
হতে পারে কবিতা সে , 
হতে পারে কবি ,
হতে পারে যা খুশী তাই -
বল তুমি যদি !

                 -পল্লব 

বৃথা

বৃথা 

এই রাত, কখনো একা...
ওই চাঁদ, কখনো বাঁকা...
যদি আমি ভাবি, তুমি আছো পাশে -
মিটি মিটি তারা, চুপি চুপি হাসে -
তবে কি তোমায়, বৃথা পিছু ডাকা ???

------------------------পল্লব 

তুই

তুই


"তুই" মানে এক পশলা বৃষ্টি...
"তুই" মানে ভীরু চোখের দৃষ্টি...
"তুই" মানে স্বপ্ন দেখার ঘুম...
আর মেঘের মাঝে চাঁদ এর খেলায় -
রাত্রি নিঝঝুম... ...

                   -পল্লব 

রাজার রাজা

রাজার রাজা

অনেক কিছু পাওয়ার মাঝে না পাওয়া টাই থাকে মনে, 
পাওয়ার সুখ যায় হারিয়ে ছোট্ট সে না পাওয়ার দুখে, 
তবু যদি ভালোবাসো, নিজেরে সবার আগে -
"আমিও পারি" বলতে পারো, নতুন আশা জাগে। 
আমি শুনি, তুমি শোন, যে যা কিছুই শুনুক, 
ছন্দে বাজে তালে বাজে সে সুর আবার ফুটুক ।
চাওয়া-পাওয়ার হিসেব নিকেশ থাকুক তোলা আজ,
খুঁজে দ্যাখো পাশেই আছি, ছেড়ে রাজার সাজ ...

- পল্লব ৬.৫.১৪